মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ পুড়িয়া হেরোইনসহ মো. সজিব (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ। গত বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার গাঁওদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সালাম বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদুল রহমান সঙ্গীয় ফোর্সসহ গাঁওদিয়া এলাকার ইউপি সদস্য তবারক ঢালীর বাড়ির সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সজিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।##


















