সভ্যতার আলো রিপোর্ট : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া বল্লালবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মাণাধীন স্থাপনার পিলারের রড কেটে ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সদর থানা যুবদলের সদস্য আবদুল্লাহ আল মামুন । বুধবার মুন্সীগঞ্জ থানায় করা জিডির সূত্রে জানা যায়, বল্লালবাড়ি এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জিডিতে উল্লেখ করা হয়েছে, বল্লালবাড়ি মৌজায় সিএস ২৯, ৬২ ও ৬৩ এবং আরএস ৪৭ ও ৪৮ নম্বর দাগের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে এ বিরোধের সৃষ্টি।
অভিযোগকারী দাবি করেন, ৩৫ বছর ধরে ভোগদখল করা এই জায়গায় তিনি গত পাঁচ থেকে ছয় মাস ধরে ওই নির্মাণকাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টায় রহিম বেপারী (৪২), ইদ্রিস শেখ (৫৬) ও নাঈম বেপারী (৪৮) সেখানে গিয়ে নির্মাণাধীন পিলারের রড কেটে ব্যাপক ক্ষতি করেন।
জিডিতে আরও অভিযোগ করা হয়, এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা আবদুল্লাহ আল মামুন ও তার লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। একই সঙ্গে মিথ্যা মামলায় জড়ানো এবং খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার সত্যতা সম্পর্কে অবগত আছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান আবদুল্লাহ আল মামুন। মুন্সীগঞ্জ থানায় দায়ের করা জিডিটির নম্বর ১৩৭৫ তারিখ ১৯/০৮/ ২০২৬ ইং। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


















