স্টাফ রিপোর্টার : ২০২৫-২০২৬ অর্থবছরে পঞ্চসার ইউনিয়ন পরিষদের বাস্তবায়নাধীন রাজস্ব, ১% এবং উন্নয়ন সহায়তা তহবিলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। শনিবার পরিদর্শনকালে তিনি পঞ্চসার ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের মান যাচাই করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মতামত ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন।
ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা ভবিষ্যতে নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলোকে আরও টেকসই, কার্যকর এবং জনকল্যাণমুখী করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।


















