স্টাফ রিপোর্টারঃ মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেটের ধাক্কায় ট্রলারডুবির ৩০ ঘন্টা পর নিখোঁজ শরীফের ভাসমান মরদেহ উদ্ধার করছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস।মঙ্গলবার দুপুরে গজারিয়া ঘাটের কাছ থেকে নিখোঁজ শরীফের ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
দুর্ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার দূরে গজারিয়ায় ঘাট সংলগ্ন পার্কের কাছ থেকে লাশটি উদ্ধারের পর নৌপুলিশকে বুঝিয়ে দেয়া হয়। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ ইনচার্জ সালেহ আহমেদ জানায়, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার সকালে চরহোগলা বালুরঘাট এলাকার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৫ জন তীরে উঠতে পারলেও নদীতে হারিয়ে যায় শরীফ।
৯৯৯ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ শরীফের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করতে সক্ষম হয়। আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। নিখোঁজ শরীফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনর পুত্র।


















