সভ্যতার আলো রিপোর্ট: মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন টিকাদান কর্মসূচির সম্মানী প্রদানে অনিয়মের অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবাইদুল্লাহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মীরা তার কাছে জবাবদিহি দাবি করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, টিকাদান কর্মসূচির প্রাপ্য সম্মানী না পাওয়ার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করছেন স্বাস্থ্যকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তারা বিভিন্ন টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেন। জনবল সংকটের কারণে স্বাস্থ্যকর্মীদের যাতায়াত ও কনভেয়েন্স বাবদ সরকার থেকে সম্মানী দেওয়া হয়। সর্বশেষ টিকাদান কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য অফিসের পরামর্শে স্বেচ্ছাসেবকদের নিয়ে কার্যক্রম পরিচালনা করা হলেও দীর্ঘদিন তাদের প্রাপ্য সম্মানী প্রদান করা হয়নি। এ বিষয়ে বারবার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় স্বাস্থ্য কর্মিরা প্রতিবাদ জানাতে বাধ্য হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবাদের পর ৩৪ জন স্বাস্থ্যকর্মীকে সম্মানী বাবদ জন্য জনপ্রতি ৪ হাজার ১০০ টাকা করে দেওয়া হয়। তবে এখানেও অনিয়মের অভিযোগ উঠেছে। স্বাস্থ্যকর্মীদের দাবি, পাশের টঙ্গীবাড়ি উপজেলায় একই হাম টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা ৫ হাজার ২৩০ টাকা করে সম্মানী পেয়েছেন। অথচ মুন্সীগঞ্জ সদর উপজেলায় দেওয়া হয়েছে ৪ হাজার ১০০ টাকা।
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবাইদুল্লাহ বলেন, অনিয়মের বিষয়টি সঠিক নয়। স্বাস্থ্যকর্মীরা টিকাদান কার্যক্রমের প্রাপ্য সম্মানী পেয়েছেন।
এদিকে, সম্মানী প্রদানে বৈষম্য ও অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জেলা সিভিল সার্জন অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্যকর্মীরা।

















