মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের
একই দিনে লিওনেল মেসির আগের রেকর্ড ছোঁয়ার পর তাকে ছাড়িয়েও গেলেন ফরাসি তারকা।
প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা। গোলটি করে কিলিয়ান এমবাপে স্পর্শ করলেন রেকর্ড। পরে আরেকটি গোল করে ফ্রান্স অধিনায়ক উঠলেন নতুন উচ্চতায়।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে (২১) ছাড়িয়ে গেলেন তিনি (২২)।
মায়ামিতে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে তাদের চার গোল হজমের অভিজ্ঞতা এটিই প্রথম।
প্রথমার্ধে কিছু সুযোগ হারানো এমবাপে বিরতি থেকে ফিরে ৪৮তম মিনিটে ব্যবধান কমান এবং মেসির আগের রেকর্ড স্পর্শ করেন। মাইকেল ওলিসের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় শটে ঠিকানা খুঁজে নেন রেয়াল মাদ্রিদ তারকা।
৬৬তম মিনিটে দ্বিতীয় গোল করে নতুন রেকর্ড গড়েন এমবাপে। ডান দিকে সতীর্থের পাস ডামি করে ছেড়ে দেন ওলিসে, বল ধরে তাকেই বাড়ান এমবাপে। এরপর ফিরতি পাস পেয়ে, ডি-বক্সে ঢুকে একজনের চ্যালেঞ্জ এড়িয়ে প্লেসিং শটে রেকর্ড গোলটি করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।
বিশ্বকাপে এমবাপের ২২ গোল হলো ঠিক ২২ ম্যাচ খেলে। মেসি ২১ গোল করেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ ম্যাচ খেলে।
চলতি আসরে এমবাপের গোল হলো ১০টি। এখানেও তিনি উঠলেন চূড়ায়। আট গোল করে দুইয়ে ৩৯ বছর বয়সী মেসি, যিনি রোববার ফাইনালে খেলবেন স্পেনের বিপক্ষে।


















