স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।
মিরকাদিম পৌরসভার আয়োজনে এবং ফুল পাখি নদী সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান রতন বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্য রক্ষার অন্যতম পূর্বশর্ত। মিরকাদিম পৌরসভার এ উদ্যোগ নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল হলে পৌর এলাকার পরিবেশ আরও বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান জানান, নতুন এ কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়মিতভাবে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ ও পরিবেশবান্ধব উপায়ে তা অপসারণের ব্যবস্থা করা হবে। এর ফলে পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়িত হলো।


















