জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার দাবিতে ‘জলবায়ু ধর্মঘট’ পালন করেছেন কুড়িগ্রামের জলবায়ু কর্মীরা।
জীবাশ্ম জ্বালানি বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবিতে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট পালন করেছেন তরুণ জলবায়ু কর্মীরা।
‘ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্ম-মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে’ স্লোগানে শুক্রবার দুপুরে সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের তীরে এ কর্মসূচি পালন করা হয়।
ইয়ুথনেট গ্লোবালের আঞ্চলিক সমন্বয়ক সুজন মোহন্ত বলেন, চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত নদী ভাঙন ও বিভিন্ন দুর্যোগের সঙ্গে লড়াই করছে। তাই জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ইয়ুথনেট গ্লোবাল টিম এ কর্মসূচি পালন করছে।
তরুণ জলবায়ু কর্মীরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদী ভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষ। অথচ এ সংকট তৈরিতে তাদের কোনও ভূমিকা নেই।
তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার আহ্বান জানান।
জলবায়ু কর্মীরা বলেন, উন্নত দেশগুলোর অতিরিক্ত দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বিশ্ব।
এসওএস চিলড্রেন ভিলেজ কুড়িগ্রামের সহকারী প্রোগ্রাম অফিসার ফাহমিদা ইসলাম বলেন, “ভবিষ্যৎ রক্ষায় এখনই জলবায়ু নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে তরুণদের আরও সচেতন ও সংগঠিত হতে হবে।”
এতে ইসলামিক রিলিফ বাংলাদেশের ফিল্ড অফিসার সুলতানা রাজিয়া, ইয়ুথনেট গ্লোবালের জেলা টিমের সমন্বয়ক মার্জিয়া মেধা, রাকিবুল ইসলাম, নাজমুল হোসেন, রিফাত রাসেল, যুবায়ের, বায়েজিদ, সায়মা সুলতানা এবং ফাহিম উপস্থিত ছিলেন।
সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

















