মুন্সীগঞ্জে অতিরিক্ত মদ্যপানে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিন জন অসুস্থ হয়ে ঢাকা ও মুন্সীগঞ্জ হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত সময়ে তারা মারা যান। নিহতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলার কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঁঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬০) ও ইব্রাহিম মুন্সী (৬০) এবং সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপারের হোসেন ডাক্তার (৬৫)।এছাড়া এরমধ্যে বাচ্চু বেপারী বৃহস্পতিবার রাতে এবং অপর দুইজন শুক্রবার মারা যান। এছাড়া অতিরিক্ত মদ্যপানে অসুস্থ রহমতউল্লাহ বেপারীকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অসুস্থ আলামিন (৪৬) ও সিজানকে (২৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় হতাহতরা দীর্ঘদিন ধরে মদ্যপান করছেন। টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ঢাকায় মারা গেছে শুনেছি। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

















