মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফলপাকড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নুরপুর, ফলপাকড় ও কালুরগাঁও গ্রামের যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ শাহ আলম শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সদস্য সচিব হাজী ইকবাল হোসেন বেপারী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর আলম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং তিন গ্রামের বিপুলসংখ্যক যুবক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকের করাল গ্রাস, মোবাইল আসক্তি ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যুব সমাজকে নিয়মিত মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা উপভোগ করতে ফলপাকড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হন।
এলাকাবাসী যুব সমাজের এ ইতিবাচক ও মাদকবিরোধী ক্রীড়া উদ্যোগকে স্বাগত জানিয়ে টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেছেন।##


















