মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সম্রাট মাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী তিন উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা এলাকার শাহজাহান মালের ছেলে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার এসআই (নিঃ) পান্নু শেখ সঙ্গীয় ফোর্সসহ মৌছামান্দ্রা এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের উত্তর পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সম্রাট মালকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ##


















