স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারন গ্রামের কৃতিসন্তান, ইংলিশ চ্যানেল বিজয়ী, রাষ্ট্রীয় ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাঁতারু, বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন ফ্লাইং অফিসার এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রাক্তন মহাসচিব মোশাররফ হোসেন খানকে গত ১৮ আগস্ট যুক্তরাজ্যে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হালিম বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন মোয়াজ্জাম হোসাইন সোহরাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিলা মোশাররফ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মুজাহিদ, জিল্লুর রহমান, আশরাফ জামান, শামীমা মিতা, আনোয়ার হোসেন, শাহীন জব্বার, রিপন উদ্দিন, জাকির হোসাইন, সমশের পলাশ, আজিজ খান ও মোহাম্মদ আলীসহ প্রবাসী মুন্সীগঞ্জবাসী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সাঁতারু মোশাররফ হোসেন খানের কৃতিত্ব শুধু মুন্সীগঞ্জ নয়, পুরো বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। তার এ অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।



















