স্টাফ রিপোর্টার:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে পিকাপ ভ্যান উল্টে ৯ জন আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধাঘন্টা মাওয়ামুখী যান চলাচল বিঘ্নিত হয় ।
পরে দুর্ঘটনাকবলিত পিকাপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ভাঙ্গা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে পিকাপটির পেছনের একটি চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পিকাপটিতে কুমিল্লার একটি মেলা শেষে মেলার ডেকোরেশন এবং দোকানের মালামালসহ দোকানীদের বহন করা হচ্ছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান,
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত পিকাপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


















