স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে ২৮ বছর বয়সী এক বিধবা বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নারী। সে সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে দুই দিন ধরে অভিযুক্ত রবিনের কনকসার গ্রামের বাড়িতে অবস্থান করছে। কিন্তু অভিযুক্ত রবিনের পরিবার বিষয়টি মেনে নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় যুবতী দুইদিন ধরে না খেয়ে সেখানে অবস্থান করছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মাসুদ বেপারী ভুক্তভোগী নারীকে সন্তানের স্বীকৃতি ও বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার বিকাল পর্যন্ত সময় নেয়া হয়েছিল। ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তকে দ্রুত বিয়ে ও সন্তানের স্বীকৃতি দিতে বাধ্য করতে হবে। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় এনে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, বিষয়টি দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত রবিনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।


















