স্টাফ রিপোর্টার: ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিরকাদিম পৌরসভা ব্যাপক সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করেছে।
সাম্প্রতি এই কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন সড়কে,বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ এবং জনসমাগমস্থলে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। প্রচারণায় ধূমপানের ফলে ফুসফুসের ক্যানসার, হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায় এ বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি পরোক্ষ ধূমপানের ক্ষতিও সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো: মাসুদুর রহমাস জানান, তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই বিষয়ে জানানো হয়।
তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। পরিবার ও সামাজিক পরিমণ্ডল থেকে তামাকবিরোধী অবস্থান জোরদার করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
পৌরসভা কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।


















