ত্রয়োদশ সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
উপনেতা হয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চিফ হুইপ হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার নবনির্বাচিত বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা জানান।
তিনি বলেন, “বিরোধীদলের সংসদ সদস্যগণ শপথ গ্রহণের পরে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের নায়েবে আমির জনাব শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদও আমরা মনোনয়ন দিয়েছি।”
শফিকুর রহমান ঢাকা-১৫, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা-১১ এবং নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে ভোটে লড়ে বিজয়ী হয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। বুধবার নতুন এমপি, মন্ত্রিসভার সদস্যদের শপথ হয়েছে।
নির্বাচনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস একটি করে আসন এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে।
সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

















