স্টাফ রিপোর্টার: আগামী ১০ অক্টোবর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘অন্ধকারে আলো’ চলচ্চিত্র। এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডিস্থ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান নজরুল চলচ্চিত্রটির গল্পের ভূয়সী প্রশংসা করে বলেন,
“আমরা সবাই অন্ধকারের মধ্যে বসবাস করছি। আমরা বিশ্বাস করি, আলো একদিন আসবেই, যেমন রাত শেষে সকালে আলো আসে। ছবিটির গল্পের গভীরতা ব্যাপক এবং এ চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে বর্তমান চলচ্চিত্রের দুর্দিনে নতুন প্রযোজকের প্রবেশ সাহসিকতারই প্রতিফলন।
চলচ্চিত্রটির প্রযোজক ও বিশিষ্ট সাংবাদিক মীর লিয়াকত আলী বলেন,ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করা। সমাজে হতাশাগ্রস্ত মানুষদের সঠিক পথে ফিরিয়ে আনার বার্তাই এই ছবির মূল উদ্দেশ্য। যারা নিজের জীবন নিজে নেয় তারা কাপুরুষ। তাই মানুষকে আলোয় ফেরানোই আমাদের লক্ষ্য।”
পরিচালক আনোয়ার সিরাজী তার বক্তব্যে বলেন,”তিল তিল করে অন্ধকার থেকে আলোর পথে মানুষকে আসতে দেখানোর চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্রে। কুসংস্কারাচ্ছন্ন সমাজকে দিকনির্দেশনা দেওয়ার গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘অন্ধকারে আলো’।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এডিটরস গিল্ডস-এর সভাপতি ও চলচ্চিত্র পরিচালক আবু মুসা দেবু, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক ওয়াজেদ আলী বাবলু, পরিচালক আনোয়ার শিকদার টিটন, পরিচালক বজলুর রাশেদ চৌধুরী, পরিচালক রেজা হাসমত, সহ-অভিনেতা ফরহাদ, ববি, জ্যাকি, রাকিব, মুসকান, ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু, খ্যাতিমান চিকিৎসক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি, ড. কাজী ইমদাদুল হক, সাংবাদিক কে এম শহীদুল হক, জিসাস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শফিউদ্দিন, সংগীত শিল্পী অর্জুন বিশ্বাস, রেহেনা আক্তার জ্যোতি প্রমুখ।
অনুষ্ঠানে চলচ্চিত্রটির ট্রেলার ও বেশ কয়েকটি গানের দৃশ্য প্রদর্শন করা হয়। এ ছাড়া ‘অন্ধকারে আলো’ চলচ্চিত্রের শুভমুক্তি উপলক্ষে প্রকাশিত মনোরম স্যুভেনিরও অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর মো. হাসেমুজ্জামান।

















