স্টাফ রিপোর্টার: সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক সংগঠন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্তে মোঃ হাসান চৌধুরী (পল্লব) কে সভাপতি এবং চয়ন কুমার বর্মনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে সংগঠনের সদস্য হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর আগে গত বছরের ৩১ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় পর্ষদ। পরবর্তী সময়ে আলোচনা ও যাচাই-বাছাই শেষে নতুন জেলা কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি মুন্সভগঞ্জ সদরের রামপাল কলেজ সংলগ্ন তৎকালীন কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের যাত্রা শুরু হয়। “ঐক্য-সেবা-শান্তি” নীতি এবং “আমরাই গড়বো মানবিক বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
করোনা মহামারির সময় সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়। এ সময় ‘নাগরিক নিঃশ্বাস’ নামক একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদান, কয়েক হাজার মুমূর্ষু রোগীর জন্য বিনামূল্যে রক্ত সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনা করে সংগঠনটি।
বর্তমানে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের কার্যক্রম মুন্সীগঞ্জ জেলাতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়েছে। সংগঠনের সঙ্গে প্রায় দেড় শতাধিক কার্যকরী স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন। বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাইফুল বিন বারী এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল দায়িত্ব পালন করছেন।


















