স্টাফ রিপোর্টার:
এ বছর ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান। ফজলুল হক স্মৃতি কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার চ্যানেল আই প্রাঙ্গনে এক অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় ২২তম ফজলুল হক স্মৃতি পুরস্কার।
চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিসহ অনেকে সেখানে ছিলেন।
আয়োজনের শুরুতে শহিদুল আলম সাচ্চু পরিচালিত ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র সম্মুখযাত্রী ফজলুল হকের প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে বরেণ্য এই ব্যক্তির জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’।
কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এ পুরস্কার চালু করেন। পুরস্কার হিসেবে অর্থমূল্য, সম্মাননা পত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
এর আগে এই পুরস্কার পেয়েছেন- সাইদুল আনাম টুটুল এবং ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও মোহাম্মদ রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক (২০০৯), মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী (২০১০), ই আর খান ও অনুপম হায়াৎ (২০১১), নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার (২০১২), রাজ্জাক ও রেজানুর রহমান (২০১৩)।
এছাড়াও ২০১৪ সালে এই পুরস্কার পেয়েছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী ও আরেফিন বাদল, মাসুদ পারভেজ ও শহীদুল হক খান (২০১৫), আজিজুর রহমান ও মোস্তফা জব্বার (২০১৬), আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া (২০১৭), মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী (২০১৮), কোহিনূর আখতার সুচন্দা ও রাফি হোসেন (২০১৯), আলমগীর ও দীপেন (২০২০), কাজী হায়াত ও মাজহারুল ইসলাম (২০২১), দেলোয়ার জাহান ঝন্টু এবং আবদুল্লাহ জেয়াদ (২০২২), ছটকু আহমেদ এবং ইমরুল শাহেদ (২০২৩)। গেল বছর এই পুরস্কার পেয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলাউদ্দীন মাজিদ।


















