সুমাইয়া আক্তার
নারীকে শুধুমাত্র নারী বলে নয়, মানুষ হিসেবে তার মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজকে পরিবর্তন করতে হলে প্রথমে মানসিকতার পরিবর্তন জরুরি পরিবারে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে, সর্বত্র। একজন নারীর সম্মান রক্ষা করা মানে একটি জাতির সম্মান রক্ষা করা। আমি ২০২১ সালের জানুয়ারি মাসে বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়েছিলাম। সেই ঘটনার ন্যায়বিচার আজও পাইনি। যে মানসিক যন্ত্রণা, লজ্জা, ভয় আর অপমানের মধ্য দিয়ে একজন নারীকে যেতে হয় তা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করেছি। তাই আমি জানি, কোনো নারীর জন্য এ ধরনের ঘটনা কতটা বেদনার, কতটা অসহনীয় কষ্টের।
আমাদের সমাজ এখনো অনেক ক্ষেত্রে পুরুষতান্ত্রিক মানসিকতায় বন্দী। নারীর স্বাধীনতা, নিরাপত্তা, চলার পথ সবকিছুই যেন হাজার প্রশ্নে আটকে থাকে। একটি ছেলে রাস্তায় হাঁটলে সেটা স্বাভাবিক, কিন্তু একটি মেয়ে হাঁটলে তাকে লক্ষ্য করেই অনেকের বিকৃত দৃষ্টি, মন্তব্য, কটূক্তি। প্রশ্ন জাগে কবে ঘুম ভাঙবে এই সমাজের? আর কতদিন নারীরা এভাবে হেনস্তা, নির্যাতন ও অবহেলার শিকার হবে?
একজন নারী নিরাপদ থাকলে একটি পরিবার নিরাপদ হয়, সমাজ নিরাপদ হয়, দেশ নিরাপদ হয়। সময় এসেছে নারীর প্রতি অবজ্ঞা বা সহিংসতাকে নয়, নারীর শক্তি, সম্ভাবনা ও মানবিকতাকে মূল্য দেওয়ার।সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে দৃঢ়ভাবে, সাহস নিয়ে, মানবিকতার পাশে।আসুন নারী নির্যাতন বন্ধ করি।


















