সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নয় বছর বয়সী মোহাম্মদ আরফান হুসাইন মাত্র ১৪৩ দিনে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরফান কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আলেম আব্দুল্লাহ আল মাসরুর (লাভু হুজুর) এর পুত্র। তিনি কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার উপাধ্যক্ষ এবং কুচিয়ামোড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব।
আরফান কুচিয়ামোড়া দারুন্নাজাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ইসলামপুর কামিল মাদ্রাসার কওমি বিভাগের ছাত্র। অল্প সময়ে কুরআন হিফজ সম্পন্ন করার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।
তার সাবেক শিক্ষক মোঃ সিফাত রহমান বলেন, “আমার ছাত্র আরফানের এই অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। সে অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্র।”
এলাকাবাসীরাও এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এমন প্রতিভাবান শিশুরা দেশ ও সমাজের সম্পদ। সঠিক দিকনির্দেশনা পেলে সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।”

















