স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিরকাদিম পৌরসভার গোয়ালগুন্নি এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠন জেড ফোর্সের উদ্যোগে এ র্যালী শুরু হয়।

র্যালীটি গোয়ালগুন্নি থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোয়ালগুন্নিতেই সমাপ্ত হয়। র্যালীর নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা জেড ফোর্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (মান্না)।
এসময় উপস্থিত ছিলেন জেলা জেড ফোর্সের সভাপতি হাজী সজল, মিরকাদিম পৌর জেড ফোর্সের সভাপতি আওলাদ তালুকদার, ১ নম্বর ওয়ার্ড জেড ফোর্সের সভাপতি মনির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। র্যালীতে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
র্যালী শেষে এক প্রতিক্রিয়ায় জেলা জেড ফোর্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (মান্না) বলেন, “আজকের এই র্যালী প্রমাণ করে, জনগণ এখন পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন আশার আলো দেখছে।
বিগত সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, ভুয়া মামলা দিয়ে আমাদের নির্যাতন করেছে, কিন্তু আমাদের আন্দোলনকে দমন করতে পারেনি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। জনগণ এখন ঐক্যবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে সর্বশক্তি নিয়োগ করব। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি আবারো ক্ষমতায় ফিরে এসে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনবে।”
নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার-ফেস্টুনে রঙিন হয়ে ওঠে পুরো মিরকাদিম এলাকা। স্থানীয় রাজনৈতিক মহলে এ র্যালীকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমের নতুন গতি হিসেবে দেখা হচ্ছে।


















