মাহবুব আলম জয় :
আন্তর্জাতিক খ্যাতিমান ও দেশবরেণ্য বাউল শিল্পী আবুল সরকার (বয়াতি)৷ ১৯৫৪ সালের ৭ মার্চ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার সুরদিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সরদার বংশে তার জন্ম। বাবা কফিল উদ্দিন সরদার ছিলেন তরীকতপন্থী ধর্মপ্রাণ মানুষ। ফলে ছোটবেলা থেকেই পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা পেয়ে ধর্মীয় অনুভূতিতে শিশু আবুল সরকারের বেড়ে ওঠা। শিশুকাল থেকেই তিনি লেখাপড়ার উৎসাহী ছিলেন এবং বাউল গান খুবই পছন্দ করতেন। গ্রামের বাড়ি হাই স্কুলে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত সময়ে তিনি ঢাকার শ্যামপুরে খালার বাড়িতে চলে যান। ওই সময় সেখানকার বাসিন্দা প্রখ্যাত পালা শিল্পী হাজী মো. সাহাব উদ্দিন বয়াতির দলভুক্ত হন। এরপর ওস্তাদের আদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য যাত্রাবাড়ি হাই স্কুলে তিনি ভর্তি হন। পাশাপাশি সংগীত শিক্ষা অর্জন করতে ওস্তাদের নির্দেশেই ১৯৭৩ সালে ভর্তি হন ওয়াজঘাট বুলবুল ললিতকলা একাডেমিতে।
ওস্তাদ সাহাব উদ্দিন বয়াতির কাছে দীর্ঘ সময় বাউল গান এবং পালা গানের তালিম ও দীক্ষা নেন আবুল সরকার।
এরপর ওস্তাদের আদেশেই ১৯৭৮ সালে নিজ দল গঠন করে বাউল সংগীত পরিবেশন শুরু করেন।
পরবর্তীতে সারা দেশে বাউল শিল্পীদের সঙ্গে ঘুরে বেড়িয়ে গান করতে করতে তার বাউল শিল্পী হয়ে ওঠা। দেশের বাইরে বিভিন্ন দেশে গিয়ে বাউল সংগীত পরিবেশন করে তিনি বেশ সুনাম অর্জন করেন। বাউল শিল্পী হিসেবে আন্তর্জাতিকভাবেও তার বেশ পরিচিতি রয়েছে।
সূফি গায়ক, পালা কবি ও প্রখ্যাত ধর্মীয় পালা গায়ক হিসেবেই আবুল সরকার দেশ বিদেশে বেশি খ্যাতি অর্জন করেছেন। বাউল সংগীতের মাধ্যমে তিনি সমাজে শান্তি, ভালোবাসা ও মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন।
বাউল শিল্পী আবুল সরকার বয়াতি ১৯৮৯ সালে বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে এবং ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।
এই গুণী শিল্পী ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তবে তাঁর রেখে যাওয়া গান, আদর্শ ও সুরের জগৎ আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে আছে।
লেখক: মাহবুব আলম জয,লেখক ও সংগঠক

















