মো. শওকত হোসেন- মুন্সীগঞ্জের লৌহজংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকে অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার এ অপসারণ অভিযান চলছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রশাসনের উপস্থিতিতে উপজেলার কনকসার, হলদিয়া, ঘোড়দৌড়, ও বেজগাও রাস্তার পাশে দেয়াল, বিলবোর্ড ও বৈদ্যুতিক খুঁটি থেকে পোস্টার ও ব্যানার খুলে ফেলতে দেখা গেছে গ্রাম পুলিশের।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন৷ এরই মধ্যে কিছু প্রার্থী নিজ উদ্যোগে পোস্টার ও ব্যানার অপসারণ করলেও উপজেলার অধিকাংশ এলাকায় রাস্তার পাশে তা এখনো ঝুলতে দেখা গেছে।
উপজেলা সূত্র জানায়, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন ও নগরীর সৌন্দর্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ পোস্টার বা ব্যানার ঝুলিয়ে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি নিশ্চিকরণে বৃহস্পতিবার লৌহজং উপজেলার কনকসার, খিদিরপাড়া, হলদিয়া, বেজগাও ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপিত নির্বাচনী প্রচারণা উপাদান পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণ করা হয়েছে৷ ##


















