স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে জমজমাট পরিবেশে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটায় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মুন্সীগঞ্জ পৌরসভা একাদশ ও মিরকাদিম পৌরসভা একাদশ।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দল আক্রমণ–প্রতি আক্রমণে সমানতালে লড়াই করে। তবে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত ৪-২ গোলে মুন্সীগঞ্জ পৌরসভাকে পরাজিত করে মিরকাদিম পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গ্যালারি ভর্তি দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল উপভোগ করেন প্রাণভরে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিরকাদিম পৌরসভার এ জয়কে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।


















