সভ্যতার আলো রিপোর্ট: মুন্সীগঞ্জ সদর উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম ও জনবান্ধব উদ্যোগের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান। সরকারি নিয়মিত সেবা কার্যক্রমের পাশাপাশি তিনি বাস্তবায়ন করছেন একের পর এক উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক পদক্ষেপ।
গ্রামীণ উন্নয়নে সরাসরি জনগণের মতামত গ্রহণে তিনি নিয়মিত উন্মুক্ত সমাবেশ আয়োজন করছেন। এসব সমাবেশে স্থানীয় চাহিদা অনুযায়ী রাস্তাঘাট, সেতু, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিয়মিত কাজ করা, গুলিবিদ্ধ এক বৃদ্ধার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া, বেদে পল্লীতে ত্রাণ ও নিরাপদ পানির ব্যবস্থা করা সব মিলিয়ে তিনি জনমনে বিশেষ সাড়া ফেলেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নিরাপদে পালনের ব্যবস্থা করা, পূজার সময় “পূজোর উপহার” ও আর্থিক সহায়তা প্রদানসহ আন্তধর্মীয় সম্প্রীতির প্রতিও তিনি বিশেষ নজর দিয়েছেন।
নদীভাঙনপ্রবণ এলাকায় ত্রাণ, সহায়তা ও পরিদর্শনের পাশাপাশি ভিক্ষুক ও হতদরিদ্রদের পুনর্বাসনে দোকান ও ভ্যান সরবরাহ করে দিয়েছেন।
ক্রীড়া অঙ্গনে প্রাণ সঞ্চার করেছেন ইউএনও মাহবুবুর রহমান। তাঁর উদ্যোগে ইউএনও কাপ ব্যাডমিন্টন, ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকটি খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ইতোমধ্যে দুটি খেলার মাঠ নির্মাণ করা হয়েছে, যার একটি “উপজেলা স্পোর্টস একাডেমি” হিসেবে গড়ে তোলা হচ্ছে।
পরিষদ ভবনের ভেতরে জলাবদ্ধতা নিরসন ও আধুনিক অফিস পরিবেশ গড়ে তোলা, দেশের প্রথম ইসলামিক থিম পার্ক “ইকরা” নির্মাণ, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে উপজেলা পর্যায়ে ইংরেজি, আরবি ও বাংলা ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং ‘লিঙ্গুয়া ফিউশন’ ভাষা প্রতিযোগিতা আয়োজন তাঁর উদ্ভাবনী কর্মকাণ্ডের অংশ।
এছাড়া শিক্ষকদের মূল্যায়নে “ইউএনও’র সঙ্গে শিক্ষা চুক্তি”, প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীর জন্য ‘ইনফো কোয়েস্ট’ প্রতিযোগিতা, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ময়লার বিন, মাধ্যমিক বিদ্যালয়ে ইলেকট্রিক ফিল্টার ও মেয়েদের স্কুলে সেনিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।
মেয়েদের জন্য আধুনিক কমন রুম “হার স্পেস”, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা, প্রতিটি ইউনিয়নে “ওয়াশ ব্লক”, দুটি উন্মুক্ত লাইব্রেরি “মনন” ও “তাহলিল”, এবং নতুন উদ্যোক্তা তৈরিতে “উদ্যোক্তা হাব” স্থাপন তাঁর প্রশাসনিক উদ্ভাবনের উদাহরণ।
পরিবেশ সুরক্ষায় তিনি ১৪ হাজার চারা বিতরণ, ৬ হাজার শিক্ষার্থীর মাঝে খাতা ও কলম প্রদান, পরিষদ প্রবেশগেট, ওয়াকওয়ে, সৌন্দর্যবর্ধন প্রকল্প, উপজেলা সীমানা তোরণ নির্মাণ, প্রবাসীদের সম্মানে “প্রবাসী ছাউনি” ও “প্রবাস বন্ধু কর্নার” স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এছাড়া বিনামূল্যে স্যানিটারি ল্যাট্রিনের রিং ও স্ল্যাব বিতরণ এবং মিরকাদিম পৌর এলাকার সড়কে আধুনিক লাইটিং স্থাপন করেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
জনকল্যাণ ও প্রশাসনিক উদ্ভাবনে ইউএনও মাহবুবুর রহমান বর্তমানে মুন্সীগঞ্জ সদর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় আলোচিত হয়ে উঠেছেন।

















