স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় আক্তার দেওয়ানের বাসা থেকে দুই বালতি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এতে মোট ৩০টি ককটেল ছিল বলে জানা গেছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এনএসআইসহ যৌথ বাহিনীর সদস্যরা ওই বাসায় অভিযান চালান। অভিযানে ঘরের ভেতর সংরক্ষিত অবস্থায় দুই বালতি ভর্তি ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো নিরাপদে জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকসদৃশ বস্তুগুলো আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















