স্টাফ রিপোর্টার্র : আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণ এলাকায় বর্ণাঢ্য র্যালী, অভিবাসন মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে আয়োজিত অভিবাসন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনের পর তিনি আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ নাহিদা পারভীন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রবাস প্রত্যাগত প্রবাসীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ ও ওয়েজ আর্নার্স বোর্ডের আওতায় ঋণের চেক প্রদান করা হয়।


















